আজ শুক্রবার বেলা ১১টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এ সভার আয়োজন করা হয়। রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতা–কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিয়ে যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তার কাফফারা বিএনপিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে থাকতে হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে থেকে নিজের জীবন শেষ করতে হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই ইতিহাস থেকে তারেক রহমান শিক্ষা না নিলে এর পরিণতি কী হবে, তা কেউ বলতে পারবে না। তাই মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
চব্বিশের ৫ আগস্টের পর গণ–অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না।
নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি
ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আজও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের পর গণ–অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি। জামায়াতের সঙ্গে এনসিপি এজেন্ডাভিত্তিক জোট করলেও আদর্শিক কোনো জোট করেনি।
এনসিপি থেকে দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা।
Helim Hasan Akash
এখনো কোনো কমেন্ট নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!